ছবি
রেটিং: 0.0 ★ | লাইক: 0 | পাঠসংখ্যা: 35
রবিবার বিকেল।
ঘরে শীতের নরম রোদ পড়েছে। ফেসবুক খুলেই প্রথম যেটা চোখে পড়ল, সেটা ছিল মা’র ছবি—দু’চোখে কোমল হাসি, কপালে টিপ, হাতে ফুল। কেউ লিখেছে, “মিস ইউ কাকিমা…”
অরুণ থমকে গেল। মা'র মৃত্যুর এক বছর কেটে গেছে। কিন্তু কোনোদিন এমন করে ছবি পোস্ট করেনি সে। হঠাৎ কে দিল?
ক্লিক করে দেখল—মিঠুন , বাবার ছোট ভাইয়ের ছেলে। লিখেছেন—
"আজ কাকিমার প্রিয় ছবি দেখলাম পুরোনো অ্যালবামে।"
না, অরুণ দেখেনি। ওর চোখে জল চলে এল। মা চলে যাওয়ার পর থেকে সে আর অ্যালবামই খুলতে পারেনি।
তবে কিছু একটা চেপে বসেছে আজ।
সে উঠে গিয়ে ওয়ারড্রোবের ওপর থেকে বের করল মা'র পুরোনো অ্যালবাম। ধুলোমাখা, তবে যত্নে রাখা।
প্রতিটা পাতা উল্টাতে উল্টাতে হঠাৎ সে দেখতে পেল—একটা ছবি যার পেছনে লেখা:
“ছেলেকে না বললেও, প্রতিদিন ওর মুখের দিকে তাকিয়ে বাঁচি।”
তারিখ: ২৭ জানুয়ারি ২০২৩।
মা মারা গিয়েছিলেন তার ঠিক ৪ দিন পর।
ছবিটা তুলে ছিলেন বাবা । অরুণ তখন মুম্বইতে চাকরির কাজে ব্যস্ত। মাকে সময় দেওয়া হয়নি শেষ ক'মাস।
এতদিন ধরে ফোনে মায়ের হাসির যে ছবিটা সে রেখে দিয়েছিল, সেটা নাকি মা'র শেষ ছবিও ছিল না।
এই ছবি ছিল—আর এই লেখাটা।
হাত কাঁপছিল অরুণের।
সে ছবি স্ক্যান করল।
নিজের প্রোফাইলে পোস্ট করল। শুধু একটা লাইন লিখে—
"মা, এবার আমি প্রতিদিন তোমার মুখের দিকে তাকিয়ে বাঁচতে শিখছি।"
পোস্টের নিচে একের পর এক কমেন্ট আসতে লাগল, কেউ জানাল মায়ের কথা, কেউ নিজের অনুভব।
তবে অরুণ জানে—এই ছবি, এই ক্যাপশন, এই মৃদু হাসি…
এগুলো কোনো পোস্ট নয়,
এগুলো একটা মানুষকে নতুন করে চেনার শুরু।
শেষ।
No comments yet.